আসানসোল। দুই মেয়েকে যৌন নির্যাতনের ঘটনার পর বারুইপুর ফের খবরের শিরোনামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক প্রবীণ প্রতিবেশী দুই শিশুকে পেয়ারা খাওয়ার লোভ দেখিয়ে বাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। অভিযুক্ত গিয়াসুদ্দীন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বয়স ৫৫ বছর। অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী ৬ ও ৫ বছরের দুই শিশুকে পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে বাগানে নিয়ে যায়। সেখানে তাদের ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পরে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতীশ বিশ্বাস ঘটনাস্থলে যান। তিনি নিগৃহীত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনার তদন্ত করেন। বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে এক নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ও অসন্তোষ তৈরি হয়েছিল। বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্ত আনন্দ সর্দারসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। ঘটনার পুনর্নির্মাণের সময় মামলার অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়, যার ফলে তার মৃত্যু হয়। এই এনকাউন্টার রাজনৈতিক মহলেও তীব্র উত্তেজনার সৃষ্টি করেছিল।

